রান্না করার মাঝে ছেলেকে ভাত দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধার
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধার। ঘটনাটি নবদ্বীপ পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সরকার পাড়া এলাকায়। পুলিশ জানায়, মৃত ওই বৃদ্ধার নাম পিউবালা দেবনাথ (৬৫)। স্থানীয় সূত্রের খবর গত ২৮ নভেম্বর শনিবার দুপুরে নিজের বাড়িতে রান্না করছিলেন বছর পঁয়ষট্টির মৃত ওই বৃদ্ধা। সেই সময় ছেলেকে ভাত দিতে গিয়ে অসাবধানতাবসত বৃদ্ধার শাড়িতে আগুন ধরে যায়। বিষয়টি প্রথম নজরে আসে বৃদ্ধার ছোট ছেলের। আগুন নেভাতে গিয়ে মায়ের পাশাপাশি ছেলেও অল্পবিস্তর জখম হন তিনিও। এরপর প্রতিবেশীরা মা ও ছেলেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জখম ছেলেকে ছেড়ে দিলেও বৃদ্ধা পিউবালা দেবনাথকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে চিকিৎসা শুরু করেন চিকিসকেরা। দীর্ঘ ছদিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে শুক্রবার ভোর পাঁচটা নাগাদ বৃদ্ধার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। খবর পেয়ে বৃদ্ধার দেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।





