ফেসবুকে দেশবিরোধী মন্তব্য করায় ধৃত কলেজ ছাত্র
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: ফেসবুকে স্বাধীনতা দিবস নিয়ে কটূক্তি করার অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে, মায়াপুরের বাসিন্দা ওই ছাত্রের নাম মহঃ মাসুদ বুলবুল শেখ। চাপড়া বাঙালঝি কলেজের পড়ুয়া ওই ছাত্র গত ১৫ই অগাস্ট তার নিজের ফেসবুক একাউন্ট থেকে স্বাধীনতা দিবসের কটূক্তি করে একটি পোস্ট করে, নিজের দেশকে ছোট করে প্রতিবেশী এক দেশকে বড় করে দেখায় সে তার পোস্টে, যার জেরে নবদ্বীপ থানার নজরে আসলে ওই ছাত্রের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ, রবিবার সকালে ওই ছাত্রকে গ্রেফতার করা হয়। সোমবার অভিযুক্তকে নবদ্বীপ আদালতে পাঠানো হলে বিচারক অভিযুক্তকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দেশবিরোধী মন্তব্যর জন্যে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে ওই ছাত্রের বিরুদ্ধে।






