বুধবার থেকে চালু হচ্ছে রেল পরিষেবা, কৃষ্ণনগর স্টেশনে যাত্রীর ভিড় নিয়ন্ত্রণ করার বিভিন্ন ব্যবস্থা নিল রেল
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : দীর্ঘ সাত মাস বাদে ১১ নভেম্বর বুধবার থেকে চালু হচ্ছে রেল পরিষেবা। ট্রেন চলার আগে স্টেশনগুলিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন কৃষ্ণনগর স্টেশন শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার গুরুত্বপূর্ণ স্টেশন, ট্রেন চললে যাত্রীর ভিড় বাড়বে যা নিয়ন্ত্রণ করতে কৃষ্ণনগর স্টেশনের চারিদিকে বিভিন্ন গেট ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। এক নম্বর প্লাটফর্মের মেন টিকিট কাউন্টারের দিকে ঢোকার আগে মেন গেট শুধুমাত্র খোলা রয়েছে যাত্রী প্রবেশের জন্যে। টিকিট কাটার লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে টিকিট কাউন্টারের সামনে গোলাকার মার্কিং করা হয়েছে, এর পাশাপাশি প্লাটফর্মে গোলাকার বৃত্ত করে মার্কিং করা হয়েছে। ট্রেন স্বাভাবিক ভাবে চলার জন্যে অপেক্ষা করে আছেন রেলওয়ে পরিষেবাকে ব্যবহার করা বিভিন্ন জীবিকার মানুষেরা। কৃষ্ণনগর স্টেশন লাগোয়া একটি নবদ্বীপঘাট লাইনের অটোস্ট্যান্ড আছে যেখান থেকে প্রায় ২০০অটো চলে, লকডাউনের সময় থেকেই অধিকাংশ অটোচালক বসে আছেন কাজ ছাড়া, সুতরাং বুধবার থেকে ট্রেন চললে তাদের যাত্রী আবার ফিরবে এই অপেক্ষায় আছেন তারা।





