মায়াপুর ইসকণ মন্দিরে শুরু হল এক মাস ব্যাপী দীপদান উৎসব
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : ইসকনের প্রধান কেন্দ্র শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে শনিবার লক্ষী পূর্ণিমার দিন ৩১শে অক্টোবর থেকে সূচনা হল দীপদান অনুষ্ঠানের। এই এক মাস ব্যাপী অনুষ্ঠান চলবে রাসপূর্ণিমা ৩০শে নভেম্বর সোমবার পর্যন্ত। ইসকণ সূত্রে জানা যাচ্ছে যে এই একমাসব্যাপী অনুষ্ঠানে ভক্তরা দীপদান করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। সঙ্গে সঙ্গে চলবে স্তোত্র পাঠ। ইসকণ আরও জানিয়েছে যে দেশ বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। পুরুষ ও মহিলাদের জন্যে পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবছর অতিমারী কোভিদ-১৯ এর কারণে শুধুমাত্র সরকারি বিধিনিষেধ মান্য করে স্বাস্থ্যসম্মত উপায়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই অনুষ্ঠান চলবে।






