নতুন এনজিপি-আলিপুরদুয়ার ভিস্তাদোম পর্যটন ট্রেনের যাত্রা পথ শুরু, ট্রেনগুলি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ , শিলিগুড়ি : আজ থেকে যাত্রা শুরু হল ভিস্তা ডোম ট্যুরিস্ট (Vistadome) স্পেশাল ট্রেনের। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, পাহাড়ি রাস্তায় এঁকেবেঁকে ছুটবে ট্রেন। ঘন সবুজ জঙ্গল , চা বাগান, দূরে পাহাড়ের হাতছানি। একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রাপ্তি হবে যাত্রীদের। রেলওয়ে সূত্র অনুযায়ী , নিউ জলপাইগুড়ি – আলিপুরদুয়ার জংশন ভিস্তা ডোম স্পেশালে মোট সাতটি কোচ রয়েছে যার মধ্যে দুটি পাওয়ার কাম লাগেজ ভ্যান, দুটি এসি চেয়ার কার কোচ, দুটি চেয়ার কার কোচ এবং একটি ভিস্তা ডোম কোচ রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষভাবে সাজানো কামরায় রয়েছে রিভলভিং চেয়ার। যাতে পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারেন। ট্রেনে মোট ৪৪টি আসন রয়েছে । এনজিপি থেকে আলিপুরদুয়ার, সপ্তাহে দুটি ট্রেন যাতায়াত করবে। শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০-তে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে একটি ট্রেন। এই তিনদিনই দুপুর ২টোয় এনজিপি-র উদ্দেশ্যে ছাড়বে অপর ট্রেন। এই নতুন ট্রেন পরিষেবার কারণে ডুয়ার্স অঞ্চলের পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশাবাদী সেখানকার পর্যটন ব্যবসায়ীরা।






