সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলায় জামিন মঞ্জুর হল সাংসদ জগন্নাথ সরকারের
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: সোমবার রানাঘাট আদালতে নদিয়া জেলার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে সাংসদের নাম থাকায়, সাংসদ জামিনের আবেদন করলে,জামিন মঞ্জুর হল রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের। প্রসঙ্গত বিধায়ক হত্যা কেসের তদন্তভার সিআইডির হাতে থাকাতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে সিআইডি হেফাজতে নেওয়ার আর্জি জানালেও সাংসদ জগন্নাথ সরকারের আইনজীবী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। এর পর হাইকোর্টে আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যে চারদিন সিআইডি ভবনে যান সাংসদ জগন্নাথ সরকার। গত কয়েকদিন আগে রানাঘাট আদালতে বিধায়ক হত্যার কেসের চার্জশিট জমা পড়ে। সেখানে সাপ্লিমেন্টারি ভাবে সাংসদ জগন্নাথ সরকারের নাম থাকে। এরপরে আজ সোমবার জগন্নাথ সরকার নিজের আইনজীবীকে নিয়ে রানাঘাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণ করেন, জামিন নামা দাখিল করেন সাংসদ এরপর তার জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। এরপরই রানাঘাট আদালত চত্বরে আনন্দ মেতে ওঠে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মী সমর্থকরা। এরপরে সাংসদ জগন্নাথ সরকার সাংবাদিকদের মুখোমুখি হলে বলেন, “রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থক ও বিধায়ক খুন করছে ২০২১ এর নির্বাচনের আগে রাজ্যবাসীর নজর সেই দিক থেকে ঘোরাতে আমার নাম জড়ানো হচ্ছে”।





