করোনায় অতিমারির জেরে অসহায় বহু মানুষ, সাহায্যের হাত বাড়াতে কোচবিহারের পথে নামল বিজেপিও
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : করোনা মহামারির জেরে অসহায় হয়ে পরা সহ নাগরিকদের পাশে দাঁড়াতে শুকনো খাবার বণ্টন করল কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। আজ কোচবিহার পলেটেকনিক কলেজে করোনা রোগীদের জন্য অস্থায়ী ভাবে গড়ে ওঠা সেফ হোম সেন্টারে গিয়ে সেখানে থাকা আক্রান্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলার বিজেপি নেতৃত্ব। এরপর তাঁরা যান মদনমোহন মন্দিরের সামনে , সেখানেও ভিক্ষাজীবীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সাংগঠনিক ভাবে ‘সেবাই সংগঠন’ নাম দিয়ে করোনা পরিস্থিতির মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচী নিয়েছে বিজেপি। এদিন ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী তথা তুফানগঞ্জের বিধায়িকা মালতি রাভা, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব। পরে মালতি রাভা জানান, “সেবাই সংগঠন কর্মসূচী গোটা রাজ্য জুড়ে চলছে। কোচবিহারেও জেলা নেতৃত্বের উপস্থিতিতে কোচবিহার শহরে দুই জায়গায় শুকনো খাবার বণ্টন করা হল। জেলার অন্যান্য মণ্ডল গুলোতেও এই কর্মসূচী চলছে।”করোনা মহামারি ঠেকাতে রাজ্য সরকার বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে। এই বিধি নিষেধের জেরে ব্যবসা বাণিজ্য যানবাহন কার্যত বন্ধ রয়েছে। ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের কর্মীরাও ময়দানে নেমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ইতিমধ্যেই গোটা রাজ্যে বামেদের রেড ভলেন্টিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাও মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেবাই সংগঠন কর্মসূচীর নাম দিয়ে বিজেপিও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে বলে জানা গিয়েছে।






