নিকাশি নালার মুখ বন্ধ করায়, সমস্যায় দুই শতাধিক মানুষ, পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসির
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, বক্সিরহাট,কোচবিহার : বেআইনি ভাবে মাটি ফেলে নিকাশি নালার মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগে শতাধিক পরিবার জলবন্দি । প্রতিবাদে তুফানগঞ্জ কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো জলবন্দি এলাকার সাধারণমানুষ । ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার বোচামারী চৌপথি এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, কামাখ্যাগুড়ি থেকে রসিকবিল হয়ে তুফানগঞ্জ যাবার রাস্তায় বোচামারি চৌপথি তে পাকা রাস্তায় কালর্ভাট তৈরি হচ্ছে । অপর প্রান্তে নিকাশি নালার মুখ সম্প্রতি স্থানীয় দুই ব্যবসায়ী বসতবাড়ি করার জন্য মাটি ফেলে বন্ধ করে রাখে। এর ফলে জল নিকাশের সমস্ত মুখ বন্ধ হয়ে যাওয়ায় বোচামারী হাই স্কুল সহ পার্শ্ববর্তী এলাকার দুইশত মানুষ বৃষ্টির জল জমে জল বন্দি হয়ে উঠে । জল নিকাশের ব্যবস্থা করার দাবি জানিয়ে সোমবার এলাকার বাসিন্দারা কামাখ্যাগুড়ি-তুফানগঞ্জ রাস্তার উপর বাঁশ বেধে রেখে অবরোধ করেন। এর ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের কাছে তারা বিষয়টি তুলে ধরেন। পুলিশ ও স্থানীয় লোকের সহযোগিতায় জেসিপি দিয়ে মাটি খুঁড়ে নিকাশি নালার মুখ খুলে দেওয়া হলে স্থানীয় বাসিন্দারা খুশি হন ।





