পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি মুকুবের দাবিতে স্টুডেন্টস’ স্ট্রাগল কমিটির বিক্ষোভ
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলির পরীক্ষার এবং ভর্তি ফি মুকুবের দাবিতে বিগত ২ রা জুলাই স্টুডেন্টস’ স্ট্রাগল কমিটির পক্ষ থেকে ইউনিভার্সিটি রেজিস্ট্রারের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়।বিক্ষোভের জেরে কতৃপক্ষের তরফ থেকে জানানো হয় ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হবে এবং কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরীক্ষার ফি মুকুব করা যেতে পারে। তবে গত ৫ই জুলাই ভর্তির সময়সীমা বাড়ানো হলেও পরীক্ষার ফি হ্রাস বা মুকুব কোনোটিই করা হয়নি। ফলে আজ আবারও ‘স্টুডেন্ট স্ট্রাগল কমিটির’ পক্ষ থেকে ছাত্রছাত্রীরা প্রথমে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায়।আন্দোলনকারীদের বক্তব্য সেখানে তৃনমূল ছাত্র পরিষদের দুস্কৃতিরা আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায় এবং এরপর বিনা নোটিশে বিশ্ববিদ্যালয়ের কার্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কোচবিহার আই টি আই মোরে দীর্ঘক্ষন পথ অবরোধ করে। এরপর স্হানীয় পুলিশ প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে মহকুমা শাসকের কথা বলান এবং ছাত্র-ছাত্রীদের দাবি নিয়ে তারা কথা বলবেন এবং সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নিলেও তাদের পক্ষ থেকে আন্দোলনকারী পড়ুয়া দিনহাটা মহাবিদ্যালয়ের ছাত্র সুনির্মল অধিকারী জানান, পরীক্ষা এবং ভর্তির ফি মুকুব না হলে পরবর্তীতে তারা আবারও আন্দোলনে সামিল হবেন।






