একেবারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, ভবানীপুরে শুক্রবার এমনই কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : জনসভা বা রোড-শো নয়। একেবারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার। ভবানীপুরে শুক্রবার এমনই কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মসনদের লড়াইয়ে অমিত শাহ দুয়ারে দুয়ারে গিয়ে জনতার ভোট চাইলেন। ভবানীপুরের বদলে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। মমতা না থাকলেও ভবানীপুর যে ‘ভিআইপি’ আসন, সেটাই যেন শুক্রবার নতুন করে বুঝিয়ে দিলেন অমিত শাহ । কলকাতা শহরে এই প্রথম কোনও কেন্দ্রে হেঁটে প্রচারে গেলেন তিনি। দরজায় দরজায় রুদ্রনীলের হয়ে ভোট চাইলেন বেলতলা বস্তি এলাকায়।ভবানীপুরের বাসিন্দাদের একটা বড় অংশই ‘অবাঙালি’। অন্য ভাষাভাষীর এলাকার মতো এই বিধানসভা এলাকায় একটা বড় অংশই আবার গুজরাতি। তাই শনিবারের প্রচার যতটা না অমিত শাহের, তার চেয়ে অনেক বেশি ‘অমিতভাই’-এর।






