অমিত শাহ মায়াপুরে আসার আগে মন্দির প্রাঙ্গণ সহ হেলিপ্যাড এলাকা সরোজমিনে তদারকি করতে দেখা গেল প্রশাসনিক আধিকারিকদের
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদীয়া : শনিবার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন নদিয়ার মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে। ইসকন মন্দিরে উপস্থিত হয়ে এই দিন তিনি দেবতার বিগ্রহ দর্শন করার মধ্য দিয়ে ধর্মীয় মতে পূজার্চনা করবেন বলে জানা গিয়েছে মন্দির সূত্রে। এছাড়াও এই দিন তিনি মন্দির প্রাঙ্গণে মহাপ্রসাদ গ্রহণ করবেন বলেও জানান ইসকন মন্দিরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী অলয় গোবিন্দ দাস। সার্বিক সুরক্ষার দিকে নজর রেখে দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনের সময় সাময়িকভাবে বহিরাগত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে মন্দির প্রাঙ্গণে বলেও এইদিন জানান অলয় প্রভু। এছাড়াও সরকারি নির্দেশ অনুযায়ী মন্দির প্রাঙ্গণ ঘিরে রাখা হবে কড়া নিরাপত্তার বেষ্টনীতে। এই প্রথম দেশের কোন গৃহ মন্ত্রী মন্দির দর্শনে আসছেন বলেও জানা গিয়েছে মন্দির সূত্রে। অমিত শাহ এর আগমনের ভিত্তিতে শনিবার সমগ্র মন্দির প্রাঙ্গণ সহ হেলিপ্যাড এলাকা সরোজমিনে তদারকি করতে দেখা গেল প্রশাসনিক আধিকারিকদের। ভারতবর্ষে গৃহ মন্ত্রীর মন্দির দর্শন কর্মসূচিতে স্বাভাবিকভাবেই খুশি ইসকন মন্দির কতৃপক্ষ বলেও জানা গিয়েছে মন্দির সূত্রে।






