প্রয়াত হলেন দিনহাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম নন্দী
রবীন্দ্র নাথ বর্মন, হাকিকত নিউজ, দিনহাটা : প্রয়াত হলেন দিনহাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম নন্দী। শনিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে মাল্টি অর্গান ফেলিওর হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দিন কয়েক আগে তিনি কলকাতায় যান, সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সেখান থেকে ফিরে এসে শুক্রবার কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে তিনি ভর্তি হন। কিছুটা সুস্থ হয়েও উঠেছিলেন তিনি। কিন্তু এদিন সকালে চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি চলে গেলেন, না ফেরার দেশে। অসীম নন্দীর মৃত্যুতে সারা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। দীর্ঘদিন মৃত্যুর আগ পর্যন্ত তিনি দিনহাটা শহর ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন। অসীম নন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান উদয়ন গুহ।উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকেই অসীম নন্দী তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দিনহাটার রাজনৈতিক টানাপোড়েনে রাজনীতির অঙ্গনে অসীম নন্দীর ভূমিকা কে অস্বীকার করা চলে না। তার মৃত্যুতে দিনহাটার রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো বলে অভিজ্ঞ মহল মনে করেন।






