নবদ্বীপ হাসপাতাল থেকে পালিয়ে আসা রোগিনীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল পুলিশ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: পরনে হাসপাতালের পোশাক, ক্যাথিটার রাস্তায় ঘষ্টাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে মহিলা অসুস্থ, মহিলা নির্বিকার ভাবে উদ্ভ্রান্তর মতন হেঁটেই চলেছেন, কেউ ফিরেও তাকাচ্ছে না, এমনটাই মর্মান্তিক দৃশ্য দেখা গেলো সোমবার সকালে নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায়। অবশেষে সংবাদমাধ্যমের নজরে আসায় খবর পেয়ে ঘটনাস্থল আগমেশ্বরী পাড়ায় ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। ওই মহিলার কথাবার্তা ছিল অসংলগ্ন। কিভাবে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন, এই প্রশ্নের উত্তরেও নির্বিকার ওই অজ্ঞাত পরিচয় ওই মহিলা। পুলিশ ছাড়া পুনরায় হাসপাতালে পৌঁছে দিতে এগিয়ে আসেনি না কেউ। অবশেষে নবদ্বীপ থানার পুলিশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা সদস্যরা। পুলিশের চেষ্টায় এবং সামাজিক সংগঠনের সহযোগিতায় পুনরায় নবদ্বীপ হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে স্থান পায় নাম পরিচয়হীন ওই মহিলা। এ নিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, করোনা আবহে যেখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়া দরকার সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ঘেরাটোপ এড়িয়ে একজন অসুস্থ রোগী ক্যাথিটার সহযোগে হাসপাতাল কিভাবে ছেড়ে বেরিয়ে গেল, অথচ কারওর নজরে পড়ল না? এর পাশাপাশি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগিনীকে পুনরায় ভর্তি করাতে এসে চরম সমস্যায় পড়তে হয় স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশকে। পালিয়ে যাওয়া রোগিনী যে তাদের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে থেকেই পালিয়েছে, তা প্রথমে মানতে চায়নি হাসপাতাল কতৃপক্ষ। দীর্ঘ অনুরোধের পর অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ একপ্রকার ভর্তি নিতে বাধ্য হন।






