নদিয়া জেলার বিভিন্ন পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতে টানা সাত দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলো জেলা প্রশাসন
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নদিয়া জেলায় বিশেষ কিছু অঞ্চলে নতুন করে সম্পূর্ন লকডাউনের তারিখ ঘোষণা করলেন জেলাশাসক বিভু গোয়েল। আগামী ৮ ই আগস্ট থেকে ১৪ ই আগস্ট অবধি জেলার নতুন কন্টেনমেন্ট জোন, বিভিন্ন পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে টানা লকডাউন এর ঘোষণা করলো নদিয়া জেলা প্রশাসন। কৃষ্ণনগর পুলিশ জেলার মধ্যে কৃষ্ণনগর পৌরসভা, চাপড়া ব্লকের চাপড়া গ্রাম পঞ্চায়েত ১, ২, কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, কৃষ্ণনগর ১ ব্লকের ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েত, ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত, দে পাড়া গ্রাম পঞ্চায়েত, দোগাছি গ্রাম পঞ্চায়েত,নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত, নাকাশিপাড়া ব্লকের বেথুয়াডহরী ১, ২ গ্রাম পঞ্চায়েত, করিমপুর ১, ২ গ্রাম পঞ্চায়েত, বেতাই ১ গ্রাম পঞ্চায়েত, নাটনা গ্রাম পঞ্চায়েত, তেহট্ট গ্রাম পঞ্চায়েত, পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েত হলো কন্টেনমেন্ট জোন যেগুলোতে সম্পূর্ণ লকডাউন করা হবে। রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত রানাঘাট পৌরসভা , শান্তিপুর পৌরসভা , কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়া, নোকাড়ি গ্রাম পঞ্চায়েত অঞ্চল, চাকদহ পৌরসভা, গয়েশপুর পৌরসভা, হরিণঘাটা পৌরসভা, কল্যাণী পৌরসভা ইত্যাদি জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এই সমস্ত কন্টেনমেন্ট জোন গুলিতে সব অফিস বন্ধ রাখতে বলা হয়েছে (মেডিক্যাল, ব্যাঙ্কিং, আইনি পরিষেবা, জরুরী পরিষেবা, কোর্ট বাদে)। বিয়ের অনুষ্ঠান ও শ্রাদ্ধ অনুষ্ঠান ব্যতীত অন্য কোন অনুষ্ঠানে ছাড় নেই। সব রকমের দোকানে ও হাট বাজার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন, খাবারের দোকান, চায়ের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। সব রকম গণ পরিবহন ব্যবস্থা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন।





