বেআইনি দেশী রাইফেল সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: মঙ্গলবার নাজিরপুর থানার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে একটি অবৈধ দেশী রাইফেল সহ দুইজন ব্যক্তিকে গ্রেফতার করল। সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে যে ওই দুই দুষ্কৃতী টাকার বিনিময়ে রাইফেল হস্তান্তর করতে নাজিরপুরের দিকে যাচ্ছিল। নাজিরপুর থানার আইসি পঙ্কজ বৈরাগীর নেতৃত্বে পুলিশ থানারপাড়া বজখাপাড়ার মেহেরাজ মন্ডল ও আলম শেখকে জয়রামপুরে এক ইটভাটার কাছে আটক করে এবং তাদের কাছ থেকে একটি অবৈধ দেশী রাইফেল উদ্ধার করে। অস্ত্র রাখার কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ ও একটি মোটরসাইকেল আটক করে। এরপর অস্ত্র আইনের ২৫(১বি)(এ) ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।






