কৃষ্ণনগরের তাঁতীপাড়ায় হল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : সমাজের শিক্ষিত ভদ্র অরাজনৈতিক যুবক-যুবতীদের রাজনীতিতে প্রবেশ করানোর উদ্দেশ্যে রবিবার সন্ধ্যায় কৃষ্ণনগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায় পৌরসভার কমিউনিটি সেন্টার ভবনে এক সাংগঠনিক কর্মীসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুপ্রতিম প্রামানিক, কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ঘোষ সহ কৃষ্ণনগর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা সহ তৃণমূল যুব ও তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য নেতৃত্ব বৃন্দ। ২০২১ এর নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে পুনরায় রাজ্যের ক্ষমতায় আসীন করতেই সমাজের অরাজনৈতিক শিক্ষিত ভদ্র যুবক-যুবতীদের রাজনীতির প্রতি আকৃষ্ট করে সংগঠনের ছাতার তলায় নিয়ে আসার পাশাপাশি সংগঠনকে আরো বেশি শক্তিশালী করে তুলতেই এই দিনের সাংগঠনিক কর্মীসভা বলে জানান কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক জয়ন্ত সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভবিষ্যতে প্রতিটা এলাকার সমস্ত বুথে একইভাবে কর্মী সভা সংগঠিত করে এলাকার শিক্ষিত মার্জিত যুবক যুবতীদের সংগঠনের ছাতার তলায় নিয়ে আসার এই প্রক্রিয়া চলতে থাকবে বলেও এইদিন বলেন জয়ন্ত বাবু। এছাড়াও সরকারের মানবিক উদ্যোগ দুয়ারে সরকার এর মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের অভাব-অভিযোগ কে বিশ্লেষণ করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এইদিন দলীয় কর্মী সমর্থকদের প্রতি আবেদন রাখেন তিনি।





