“দুয়ারে প্রশাসন” কর্মসূচির সাংবাদিক সম্মেলন হল নদিয়া জেলা পরিষদে, স্বাস্থ্য সাথী প্রকল্পে প্রথম দিনেই আবেদন জমা পড়েছে ১৩৮৪৪
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: পশ্চিমবঙ্গ সরকারের নয়া কর্মসূচি “দুয়ারে প্রশাসন” ১লা ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে জেলা জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ও পৌরসভায়। সরকারের ঘোষিত সমস্ত রকম প্রকল্পের সাহায্য পাবে সাধারণ মানুষ এই “দুয়ারে প্রশাসন” কর্মসূচির দ্বারা প্রশাসন জানিয়েছে। ৬০দিন ধরে চলবে এই কর্মসূচি, সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় যেই সব মানুষ আসতে পারেননি, তারা খুব সহজেই আবেদন করতে পারবেন সরাসরি এই কর্মসূচিতে সামিল হয়ে, যেমন কেউ যদি রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে চান, তাহলে তিনি তার এলাকার সংশ্লিষ্ট “দুয়ারে প্রশাসন”এর ক্যাম্পে গিয়ে ফর্ম তুলে সরকারি আধিকারিকের সাহায্য নিয়ে খুব দ্রুত আবেদন করতে পারবেন। বুধবার নদিয়া জেলা পরিষদে এবিষয়ে একটি সাংবাদিক সম্মেলনে “দুয়ারে প্রশাসন” সমন্ধে বিস্তারিত তথ্য দেন নদিয়া জেলা তৃণমূলের স্পোকসপার্সন বাণী রায়, তিনি বলেন, “প্রতিটি পঞ্চায়েত ও পৌরসভায় চার বার করে শিবির হবে, ওখানে নিজের পছন্দ মতন প্রকল্পের আবেদন করতে পারবে সাধারণ মানুষ “। বিভিন্ন প্রকল্পের আবেদন জমা পড়ার বিষয়ে তিনি বলেন, “১লা ডিসেম্বরে কন্যাশ্রী প্রকল্পে আবেদন জমা ২২৬টি পড়েছে, খাদ্য সাথী প্রকল্পতে আবেদন জমা পড়েছে মোট ১১২২, কৃষক বন্ধু প্রকল্পে ৩৭০, Mgnrega প্রকল্পে ১১০৩ আবেদন জমা পড়েছে, মাইনোরিটি স্কলারশিপ ৭৭ আবেদন জমা পড়েছে, রূপশ্রী প্রকল্পে আবেদন জমা পড়েছে ৮৬, শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন জমা পড়েছে ৩১,স্বাস্থ্যসাথী প্রকল্পতে আবেদন জমা পড়েছে মোট ১৩৮৪৪, তফসিলি প্রকল্পতে আবেদন জমা পড়েছে ৩৪, অন্যান্য প্রকল্পে আবেদন জমা পড়েছে ৬৬”।





