নবদ্বীপে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: মঙ্গলবার নদিয়ার নবদ্বীপ পৌরসভার ১৭ নং ওয়ার্ডের পলতাঘাট রোডে অন্নপূর্ণা তলায় মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক বছর তিরিশের এক যুবক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃত যুবকের নাম বিকাশ ওরফে বাপন ঘোষ। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার সূত্রে জানতে পারা যায়, পেশায় ছোট গাড়ি চালক বিকাশবাবু বেশকিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন, এরপর মঙ্গলবার সকালে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা, পরিবার সঙ্গে সঙ্গে খবর দেয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা ওই যুবক কে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের ভাই পিন্টু ঘোষ জানান, ইদানিং দাদা ও বৌদির মধ্যে সাংসারিক অশান্তি চলছিল। সম্প্রতি বৌদি দুই ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি নবদ্বীপ থানার শিমুলগাছিতে চলে যায়। তারপর থেকেই ভেঙে পড়ে বিকাশবাবু। পিন্টু বাবুর অভিযোগ, ইদানিং বৌদি অন্য এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। দাদা তার প্রতিবাদ করতেই অশান্তি বাঁধিয়ে ছেলে মেয়ে কে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। পিন্টু বাবুর ধারণা সম্ভবত সে কারণেই আত্মঘাতী হয়েছে দাদা। যদিও ওই যুবকের মৃত্যুতে পুলিশের কাছে কোনও পক্ষই কোনও অভিযোগ করেনি। এদিন দুপুরে হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।





