বিড়ি শ্রমিকদের কুড়ি টাকা মজুরি বৃদ্ধি
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : ভাগীরথীর পূর্বপাড়ের বিড়ি শ্রমিকদের প্রায় তিন মাস ধরে লড়াই আন্দোলন চলছিল। লড়াই এর মাঝে তারা এ বছরে প্রথমবারের জন্য বোনাস আদায় করতে পেরেছিল। মালিকপক্ষ রীতিমতো সংগঠনকে চিঠি দিয়ে কথা দিয়েছিল পুজোর পরে মজুরি বৃদ্ধির সভা হবে। আজ সেই সভা সংগঠিত হয় স্বরুপগঞ্জ বাস স্ট্যান্ড স্থিত সি আই টি ইউ দপ্তরে। এই সভায় মালিকপক্ষের 10 জন মালিক ও শতাধিক শ্রমিক এবং নেতৃত্ব উপস্থিত ছিলেন। উভয় পক্ষের আলোচনা – বাকবিতণ্ডা মধ্য দিয়ে মালিকপক্ষের অনড় মনোভাব কে নমনীয় করে কুড়ি টাকা মজুরি বৃদ্ধি হল। অতীতে মজুরি ছিল ১৫০ টাকা। ২০ টাকা মজুরি বৃদ্ধি হয়ে মুজুরী হল ১৭০ টাকা। যা আগামী দিন থেকে কার্যকর হবে। মালিক-শ্রমিক দ্বিপাক্ষিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শ্রমিক নেতৃত্ব হারাধন দেবনাথ। এদিন উপস্থিত ছিলেন নদিয়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিকাশ মল্লিক, এছাড়াও উপস্থিত ছিলেন বিড়ি শ্রমিক আন্দোলনের নেত্রী মধুমিতা ভট্টাচার্য রুপা বেবি, আলেয়া বিবি, অর্চনা মোদক, সুদ্বীপ দেবনাথ সহ আরো অসংখ্য শ্রমিক ও নেতৃত্ব। আজ আপাতত কুড়ি টাকা মজুরি বৃদ্ধি হলেও জেলা সম্পাদক বিকাশ মল্লিক বলেন এই চুক্তি আপাত চুক্তি সরকার ঘোষিত ন্যূনতম মজুরির দাবিতে ধারাবাহিক লড়াই আন্দোলন চলতে থাকবে। আগামী দিনে সরকার ঘোষিত মজুরি আদায়ের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তীব্র থেকে তীব্র আন্দোলন সংঘটিত হবে। মজুরির পাশাপাশি সামাজিক সুরক্ষা আদায়ের জন্য লড়াই আন্দোলন জোরদার হবে। মজুরি বৃদ্ধি প্রশ্নে নদীয়া জেলা সি আই টি ইউ এর সাধারণ সম্পাদক এস এম শাদী শ্রমিকদের এই জয়কে নৈতিক জয় বলে আখ্যা দিয়েছেন। তিনি শ্রমিকদের লড়াই আন্দোলনকে আরো তীব্রতর করার কথা বলেছেন ইতিহাস সাক্ষী শ্রমিক আন্দোলন কখনোই পরাজিত হয় না এ কথা উল্লেখ করে বলেন আজকের জয় শ্রমিকের জয় শ্রমিক আন্দোলনের জয়।






