নবদ্বীপে ১৮ নম্বর ওয়ার্ডে জলমগ্ন এলাকা থেকে শতাধিক পরিবারকে স্থানান্তরিত করল পৌরসভা
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: গভীর নিম্নচাপের প্রভাবে কয়েকদিন যাবত চলতে থাকা অতিবৃষ্টির কারণে নবদ্বীপ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফুলবাগান পুটির পুকুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে যায়। ফলে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার শতাধিক পরিবারকে স্থানান্তরিত করা হয় স্থানীয় একটি ধর্মীয় স্থানে। জানা যায়, কয়েকদিন যাবত চলতে থাকা অতিবৃষ্টির কারণে ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিস্তীর্ণ ওই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এরপর বুধবার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হয় নবদ্বীপে। যার ফলে জমে থাকা জলস্তর বৃদ্ধি হয়ে বৃষ্টির জমা জল রাস্তা ছাপিয়ে ঢুকে পড়ে ওই এলাকার সাধারণ মানুষের ঘরে। ভয়াবহ এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা খবর দেন ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর আশীষ চক্রবর্তীকে। আশীষ বাবুর সহযোগিতায় বৃহস্পতিবার এলাকার প্রায় শতাধিক পরিবারকে স্থানান্তরিত করা হয় পার্শ্ববর্তী একটি ধর্মীয় স্থানে।






