সব দলেই রয়েছে স্থানীয় ক্রিকেটার, শুধু কেকেআরেই কেন ব্রাত্য বাংলা?
ডিজিটাল ডেস্ক, হাকীকত নিউজ, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স কি সত্যিই কলকাতার? বাংলার? নাকি, হালফিল সাড়া ফেলে দেওয়া ‘বহিরাগত’ শব্দটারই ক্রিকেটীয় সংস্করণ হল কেকেআর? শাহরুখ খান-জুহি চাওলার ফ্র্যাঞ্চাইজির এ বারে দলটার দিকে এক ঝলক তাকান। অধিনায়ক দীনেশ কার্তিক চেন্নাইয়ের। কুলদীপ যাদব উত্তরপ্রদেশের। শুভমন গিল পঞ্জাবের। নীতিশ রানা দিল্লির। প্রসিদ্ধ কৃষ্ণ কর্নাটকের। সারা ভারতের ক্রিকেটারই পাওয়া যাবে খুঁজলে। পাওয়া যাবে না শুধু বাংলার কোনও ক্রিকেটারকে। অথচ, এমন নয় যে বাংলার ক্রিকেটাররা আইপিএল গ্রহে ব্রাত্য। প্রত্যেক মরসুমেই অন্য ফ্র্যাঞ্চাইজিতে দেখা যায় বঙ্গ ক্রিকেটারদের। যাঁরা নিয়মিত না খেললেও সুযোগ ঠিকই পান। পারফর্মও করেন। কিন্তু, তা বাকি সাত ফ্র্যাঞ্চাইজিতেই। এ বারও ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, শাহবাজ আহমেদরা খেলবেন আইপিএলে। কারও গায়ে উঠবে সানরাইজার্সের কমলা জার্সি, কেউ পরবেন পঞ্জাবের লাল জার্সি, কেউ আবার ড্রেসিংরুমের পাশের চেয়ারে পাবেন বিরাট কোহালিকে। কিন্তু বেগুনি-সোনালি জার্সিতে কাউকেই দেখা যাবে না আমিরশাহিতে। মরুভূমির দেশে এ বারের আইপিএল অবশ্য মোটেই ব্যতিক্রমী ছবি তুলে ধরছে না। অনেক বছর ধরেই কলকাতা নাইট রাইডার্সে বঙ্গ ক্রিকেটার কমতে শুরু করেছে। বাংলার দল, কলকাতার প্রতিনিধিত্ব করলেও তাতে বাংলা বা কলকাতার কোনও প্রতিনিধি থাকছেন না। আর ক্রমশ এটাই নিয়মে পরিণত হয়েছে।






