দিল্লির কৃষক আন্দোলন আজ ১১ মাসে পদার্পণ করল
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : অবিলম্বে সর্বনাশা তিনটি কালা কৃষি আইন ও বিদ্যুৎ বিল 2020 বাতিল এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এর দাবিতে আজ সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে দেশব্যাপী যে কিষাণ জাঠা , তারই অঙ্গ হিসেবে বিপ্লবী কৃষক সংগঠন AIKKMS এর পক্ষ থেকে খাগড়াবাড়ি বাজারে কিষাণ জাঠা সম্পন্ন করা হয়। আজকের এই কিষাণ জাঠায় নেতৃত্ব দেন জেলার কৃষক নেতা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন এর কোচবিহার জেলা সম্পাদক মানিক বর্মন। উপস্থিত ছিলেন গণআন্দোলনের বিশিষ্ট নেতা নেপাল মিত্র। তিনি বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার কর্পোরেটদের স্বার্থ রক্ষার্থে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাইপাস করে অন্যায়ভাবে তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ বিল,২০২০ নামিয়ে এনেছে। এদেশের সংগ্রামী কৃষক সহ শুভবুদ্ধিসম্পন্ন মানুষও কেন্দ্রীয় সরকারের এই সর্বনাশা আইন প্রতিরোধে আন্দোলনে সামিল হয়েছে। দীর্ঘ ১১ মাস দিল্লির বর্ডারে ঐতিহাসিকভাবে আন্দোলন সংগঠিত হচ্ছে। ইতিমধ্যে ৬ শতাধিক কৃষক শহীদের মৃত্যু বরণ করেছে। আজ ২৬ তারিখ থেকে শুরু করে ১ লা নভেম্বর পর্যন্ত সর্বভারতীয় কৃষক সংগ্রাম সপ্তাহ পালন করা হবে।





