মায়াপুর ইসকন মন্দিরে মহাসমরোহে শুরু হল চন্দন যাত্রা উৎসব
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : মহাসমারোহে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে শুরু হল রাধা মাধবের চন্দন যাত্রা উৎসব। চন্দন যাত্রা উৎসবকে কেন্দ্র করে বুধবার বিকেলে সুসজ্জিত রাধামাধব বিগ্রহকে চন্দ্রোদয় মন্দির থেকে প্রথমে নাম সংকীর্তন সহ বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিয়ে আসা হয় সমাধি মন্দির পুষ্করিণীতে। এরপর বিগ্রহ সহকারে সুসজ্জিত নৌকা করে চলে সলিল বিহার ও আরতি,নাম সংকীর্তন সহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। চন্দন যাত্রা এই উৎসবকে কেন্দ্র করে বহিরাগত বহু দর্শনার্থীদের আগমন ঘটে এই দিন ইসকন মন্দির প্রাঙ্গণে। এছাড়াও আগত দর্শনার্থীদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। চন্দন যাত্রা অনুষ্ঠান বুধবার থেকে চলবে আগামী ২১ দিন ব্যাপী প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে ইসকন মন্দির প্রাঙ্গণে বলে এইদিন জানান ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ।






