নবদ্বীপ ব্লকের মহিশুরায় পথশ্রী প্রকল্পে তিন কিলোমিটার রাস্তা পুনঃনির্মাণের সূচনা করলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: রাজ্য সরকারের পথশ্রী অভিযান প্রকল্পের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ নবদ্বীপ ব্লকের মহিশুরা গ্রাম পঞ্চায়েতের মহিশুরা উত্তরপাড়া থেকে মাঝের চরা অঞ্চল পর্যন্ত আনুমানিক তিন কিলোমিটার রাস্তা পুনঃনির্মাণ কাজের শুভ সূচনা করলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। এদিন সন্ধ্যায় উত্তরপাড়ায় ফিতে কেটে রাস্তা পুনঃনির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন, বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপ ব্লকের বিডিও বরুনাশীষ সরকার। পাশাপাশি মহিশুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোস্ট অফিসের সামনে পথশ্রী সূচনা সভায় বক্তব্য রাখেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। বিধায়ক ছাড়াও এই দিনের পথশ্রী সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের বিডিও বরুণাশীষ সরকার সহ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তাপস ঘোষ ও মহিশুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আকমল সর্দার সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও স্থানীয় গ্রামবাসী। বিধায়ক ছাড়াও পথশ্রী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে দেখা যায় বিডিও ছাড়াও অন্যান্য বক্তাদের। সভা শেষে বিধায়ক বিডিও কে সঙ্গে নিয়ে মাঝেরচড়া এলাকা পরিদর্শন করেন।






