বাংলাদেশের সিরাজগঞ্জে ২ সন্তানসহ রাজপথে ঝরলো শিক্ষার প্রাণ
নিজস্ব প্রতিবেদক, হাকিকত নিউজ, ঢাকা : মর্মন্তুত ঘটনা। কিভাবে বর্ণনা করা যায়। কিন্তু তারপরও মেনে নিতে হয়। একি নিয়তির খেলা? নাকী মানুষের অবহেলা? কি বলা যায় একে। স্কুলশিক্ষিকা নিহতসিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুই সন্তানসহ এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। রবিবার দুপুরে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের মিরপুর কালাচাঁদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দুই সন্তানকে নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এসময় বাস-ট্রাকের প্রতিযোগিতার মাঝে চাপা পড়ে অটো। তাতে ঘটনাস্থালেই পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী ইসরাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে আদি (১২) নিহত হয়। ৬ বছরের মেয়ে সোয়াইয়া ছয়ফা এবং আহত রিকশাচালক চান মিয়া (২৫) হাসপাতালে নিয়ে গেলে ছয়ফাকে মৃত ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হামীম জানান, অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকা রুনী তার ছেলে ও এক মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। তারা কালাচাঁদ মোড় এলাকায় পৌঁছালে কড্ডা থেকে সিরাজগঞ্জগামী জাহাঙ্গীর পরিবহনের একটি বাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদের চাপা দেয়। এতে রিকশাটি ট্রাকের পেছনে ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ রুনী ও তার ছেলে আদি মারা যায়। এতে গুরুতর আহত হয় রিকশাচালক ও শিশু ছয়ফা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু ছয়ফাকে মৃত ঘোষণা করে। সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছি। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






