সংসদের বাইরে রাজ্যে নারী সুরক্ষা ও পরপর ঘটে চলা ধর্ষণ নিয়ে পশ্চিম বঙ্গের বিজেপি সাংসদরা প্রতিবাদে সরব হলেন
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা: সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদরা। নারী নির্যাতন, আইন-শৃঙ্খলার অবনতি সহ একাধিক বিষয়ে গান্ধীমূর্তির পাদদেশে সরব হলেন রাজ্য বিজেপি সাংসদরা। বাগনানের ধর্ষণকান্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি সহ একাধিক বিষয়ে বুধবার সংসদের সামনে সরব হন বাংলার বিজেপি সাংসদরা। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শাসন কালে বাংলায় নারীদের কোনও নিরাপত্তা নেই। রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটছে। বিরোধীদের আক্রমণ করা হচ্ছে। সুরক্ষিত নন বিরোধীরা। বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে বারবার সরব হয়েছে রাজ্য বিজেপি। প্রতিবাদ কর্মসূচী থেকেই “ বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও”, “জবাব তোমায় দিতে হবে নইলে গদি ছাড়তে হবে” , “পশ্চিমবঙ্গে গণ ধর্ষণ হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব দাও” বলেও সরব হন বিজেপি সাংসদরা।





