বাংলাদেশকে টিকা কিনতে ৯৪ কোটি ডলার দেবে এডিবি
নিজস্ব প্রতিনিধি, হাকিকত নিউস, ঢাকা: টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার সহায়তা করতে এডিবির তরফে প্রস্তাব এসেছে। পাশাপাশি করোনাভাইরাস মোকাবিলা এবং দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এডিবির আবাসিক পরিচালক মনমোহন পারকাশের কণ্ঠে এই প্রশংসা ঝরে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এতথ্য জানিয়েছেন। সরকারের গণ টিকাদানের প্রশংসা করে মনমোহন বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। তিনি বলেন, মহামারীর ক্ষতি পোষাতে বাংলাদেশের সব অর্থনৈতিক খাত খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন পারকাশ। ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেল লাইন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে এডিবি কর্মকর্তাকে জানান প্রধানমন্ত্রী। সাক্ষাতে এডিবির দুটি প্রকাশনা Asia’s Journey to Prosperity: Policy, Market, and Technology Over 50 Years Ges Southwest Bangladesh Economic Corridor Comprehensive Development Plan প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মনমোহন। এসময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।





