ভারতের স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে মিষ্টি বিনিময়
আমিনুল হক, হাকীকত নিউজ, ঢাকা : ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিএসএফ এবং বিজিবি উভয়ে একে অপরকে মিষ্টি বিতরণ কে ছেন। শনিবার সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময় করেন দুই দেশের কর্মকর্তারা। এসময় ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের কমান্ডার শ্রী বলেরাও সিং বাংলাদেশের হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইলিয়াস আলীর হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়। বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইলিয়াস আলী বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির তরফে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। তারাও আমাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। অপর দিকে জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস রহমান টিটো সংবাদমাধ্যমকে জানান, সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর রেওয়াজ রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে, মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা।





