কালীগঞ্জের বড়চাঁদঘর গ্রামের নির্যাতিতা তরুণীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া: শনিবার নদিয়ার কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রামের বাসিন্দা নির্যাতিতা এক তরুণীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল। ওই তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। নির্যাতিতা ওই তরুণীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর অগ্নিমিত্রা পাল বলেন ,”এরাজ্যে ধর্ষণকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই জড়িত তৃণমূল নেতাদের ঘনিষ্ঠরা। আমরা সরকারে আসার পর দোষী পুলিশ অফিসাররা যাতে সাসপেন্ড হন , সেটাও দেখা হবে। পাশাপাশি মানুষ যাতে সুবিচার পান, সেটাও দেখা হবে, আমরাই এরাজ্যে সরকারে আসছি। আর মাত্র ৬ মাস অপেক্ষা করুন। আমাদের সরকার এলেই মহিলারা সুরক্ষা পাবেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেতা-নেত্রীরা হাথরসের ঘটনা নিয়ে খুবই ব্যথিত হয়েছিলেন। অথচ এই রাজ্যে একের পর এক মহিলাদের ওপরে অত্যাচারের ঘটনা ঘটছে। নির্যাতিতা অপমানে আত্মহত্যার পথ খুঁজে নিচ্ছেন। অথচ কি আশ্চর্য্য, তৃণমূলের কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেন না। কালিগঞ্জের ঘটনায় পুলিশ ৩ জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করতে পারলেও মূল অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি”। নির্যাতিতা ওই তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন,” বাকি ২ অভিযুক্তকে ধরার চেষ্টা চালানো হচ্ছে”। পুলিশ জানিয়েছে ,৩ অভিযুক্তের নাম ভাসু শেখ, মিঠুন শেখ এবং সুজাউদ্দিন আহমেদ । এরমধ্যে সুজাউদ্দিন স্থানীয় এক তৃণমূল নেতার ছেলে। ওই তরুণীর বাড়ির লোকজনের অভিযোগ,”ওই তরুণী বৃহস্পতিবার সন্ধ্যার পরে টোটো করে কুলগাছিতে তার দাদুর বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় তেজনগর এলাকার কাছে মোটরবাইকে করে এসে ৩ যুবক তাদের টোটো আটকায়। এরপর চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই তরুণীকে নামিয়ে পাশের একটি পেয়ারা বাগানে নিয়ে যায়। টোটোচালক ওই তরুনীর পরিবারের লোকজনকে খবর দেন । খবর পেয়ে ওর বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছান । তাদের দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ৩ যুবক “। শুক্রবার ওই তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই তরুণী। শুক্রবার ওই তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয় কালিগঞ্জ হাসপাতালে । পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছেন,” তাকেও ধারালো অস্ত্র দেখিয়ে ওই তিন যুবক তার ওপরে শারীরিক অত্যাচার চালিয়েছে । তিনি অভিযুক্ত ওই ৩ যুবকের ফাঁসি চান”। অভিযুক্ত যে তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবারের লোকজন, তার মধ্যে একজন ওই এলাকার তৃণমূল নেতার ছেলে বলে পরিচিত। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বক্তব্য,”সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হয়েছে”।





