নবদ্বীপে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু পাঁচ বছরের এক শিশুর
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল বছর পাঁচের এক শিশুর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে নবদ্বীপ থানার ফরাসডাঙ্গা গ্রামের একটি ইট ভাটায়। পুলিশ জানায়, মৃত শিশুটির নাম অবিনাশ মাল । বয়স পাঁচ। দুপুরে হাসপাতাল থেকে শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পেশায় ইটভাটার শ্রমিক রাজেশ মাল। রাজেশ মূলত ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা। কর্মসূত্রে ফরাসডাঙ্গায় একটি ইটভাটায় স্ত্রী ও পরিবার নিয়ে থাকেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে শুয়ে পড়েন রাজেশ মাল । হটাৎ ভোর সাড়ে তিনটে নাগাদ বছর পাঁচের ছেলে অবিনাশের চিৎকারে ঘুম ভেঙে যায় রাজেশ বাবু ও তার স্ত্রীর। দেখেন বিছানার ভিতর থেকে বিষধর সাপ বাইরে বের হবার চেষ্টা করছে। সেই সময় রাজেশ মাল ওই সাপটি কে মেরে কাছেই ওঝার কাছে যান ছেলের চিকিৎসা করাতে। বেশকিছু সময় অতিক্রান্ত হওয়ার পর ছেলে সুস্থ হওয়ার বদলে উল্টে নেতিয়ে পড়ে। পরে সম্বিৎ ফিরলে অচৈতন্য ছেলেকে নিয়ে তড়িঘড়ি নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়।





