মায়াপুর বামুনপুকুরে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া : মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের মায়াপুর বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের বামনপুকুর এলাকায়। পুলিশ জানায়, মৃত যুবকের নাম জাহাঙ্গীর আলী শেখ(৩৩)। বুধবার দুপুরে যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, পেশায় কার্পেন্টার জাহাঙ্গীর বেশকিছু দিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অলক্ষে ঘরে ঢুকে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে পড়েন। পরিবারের লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে মায়াপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জাহাঙ্গীরকে মৃত বলে ঘোষণা করে। এই খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছালে, নেমে আসে শোকের ছায়া।





