নবদ্বীপে প্রবল বর্ষায় ভেঙে পড়ল একটি বসত বাড়ির একাংশের ছাদ,অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধা সহ ২ সদস্যর
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নবদ্বীপ পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চারিচারা বাজার রোড এলাকায় বৃহস্পতিবার সকালে প্রবল বর্ষায় ভেঙে পড়ল একটি বসত বাড়ির একাংশের ছাদ,অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা সহ তার পরিবারের দুই সদস্য। গভীর নিম্নচাপ এর ফলে বিগত কয়েক দিন যাবত রাজ্যের অন্যান্য জায়গায় পাশাপাশি নবদ্বীপ শহরেও সারাদিনই প্রায় বৃষ্টিপাত ঘটে চলেছে। গতকাল বুধবার রাতে প্রবল বর্ষণ শুরু হয় এই এলাকায়। জানা যায়,চারিচারা বাজার রোড এলাকায় শতাধিক বর্ষ পুরনো এই বাড়িটিতে ৯০ বছর বয়সী বৃদ্ধা গঙ্গা অধিকারী তার ছেলে দিনোবন্ধু অধিকারী(৫২) ও বৌমা চায়না অধিকারী (৪৫) কে নিয়ে বাস করেন। হতদরিদ্র এই পরিবারটিতে সেই অর্থে রোজগেরে কোন সদস্য না থাকায় খুবই অভাব অনটনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন অধিকারী পরিবারের সদস্যরা।কিছুদিন আগে ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর বর্তমান কো-অর্ডিনেটর আশীষ চক্রবর্ত্তীর উদ্যোগে ও নবদ্বীপ পৌরসভার সহযোগিতায় ভগ্নপ্রায় বাড়িটির বাইরের বারান্দার অংশটি ইট দিয়ে গেঁথে ছাদে টিন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি রান্না করতে অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার ফলে ঐ বৃদ্ধার বৌমা চায়না দেবীও বর্তমানে চিকিৎসাধীন। বুধবার রাতে অতি বর্ষণের কারণে এই দিন সকালে হঠাৎই বাড়িটির একাংশের ছাদ ভেঙে পড়ে। ঘটনার সময় ওই বৃদ্ধা সহ তার ছেলে ও বৌমা পৌরসভার তৈরি করা টিনের ছাউনির নিচে ছিলেন বলে এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন অধিকারী পরিবারের সদস্যরা বলে মনে করছেন ওয়ার্ডের কো-অর্ডিনেটর আশিষ বাবু।






