মহেশগঞ্জ ফকিরতলার বাগানেপাড়ায় বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের
দিবাকর দাস হাকীকত নিউস নদিয়া: বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জ ফকিরতলা বাগানেপাড়ায়। মৃতের যুবকের নাম সঞ্জীৎ পাত্র, বয়েস তেইশ। মহেশগঞ্জ হাসপাতালের অস্থায়ী গাড়ির চালক ছিল সঞ্জীৎ। বাড়িতে বাবা, মা, ভাই, স্ত্রী এবং সাত মাসের এক সন্তান আছে। তবে বিয়ের পর থেকে বাগানেপাড়া এলাকায় শ্বশুর বাড়িতেই থাকতো সঞ্জীৎ। সোমবার সন্ধ্যার পর কাজ থেকে ফিরে স্নান সেরে ঘরে আসে সে,এরপর টেবিল ফ্যান চালাতে গিয়ে হঠাৎই বিদ্যুৎপিষ্ট হয় সঞ্জীৎ। তার চিৎকারে পাড়া-প্রতিবেশীরা তাকে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। সঞ্জীৎ এলাকার খুব ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল। ওর এই অস্বাভাবিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই মহেশগঞ্জ বাগানে পাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার নবদ্বীপ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠায়।





