হরিণঘাটায় দাদা খুন করল ভাইকে, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিল ক্ষুদ্ধ জনতা
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নদিয়ার হরিণঘাটার কুরুমবেলিয়ার মাঠের পাড়া এলাকায় দুই ভাইয়ের চরম বিবাদে দাদার হাতে খুন হলেন ভাই। মৃতের নাম মনসুর আলী মন্ডল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দাদা আলী আকবর মন্ডল। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই গন্ডগোল ছিল দুই ভাইয়ের মধ্যে। এমনকি এর আগেও প্রতিবেশীদের সঙ্গেও অভিযুক্ত আলী আকবর মন্ডল দুর্ব্যবহার করেছে,আকবর আলীর বিরুদ্ধে থানায় রয়েছে বহু অভিযোগ। এদিন ভাইদের মধ্যে বিবাদ মেটানোর একটি আলোচনা চলছিল অন্যান্য ভাইদের সঙ্গে। সেই সময় হঠাৎ আকবর আলী বাঁশ দিয়ে মনসুরের মাথায় সজোরে আঘাত করে, মনসুর মাটিতে লুটিয়ে পড়ে। এরপর মনসুরকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। মনসুরের মৃত্যুর খবর পেয়েই ক্ষোভে ফেটে স্থানীয়রা, ক্ষুদ্ধ জনতা আকবর আলীর বাড়িতে ব্যাপক ভাঙ্গচুর চালায়, ছাদ ভেঙে দেয়, ঘরের ভিতরের সব জিনিসপত্র ভেঙে দেয় এবং ক্ষুদ্ধ জনতা আগুন ধরিয়ে দেয় আলীর বাঁশের দোকানেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী ও আগুন নিয়ন্ত্রণের জন্যে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন। মৃতের পরিবারের অভিযোগ,” এর আগেও মনসুরকে মারধর করেছে আলী। দুই ভাইয়ের পাশাপাশি বাঁশের দোকান রয়েছে। এই নিয়েও দুই ভাইয়ের মধ্যে অশান্তি ছিল”। ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ।





