নবদ্বীপ শহর থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : শনিবার নদিয়ার নবদ্বীপ শহর থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা । এদিন দুপুর তিনটেয় নবদ্বীপ রয়েল ক্লাবের মাঠে হেলিকপ্টার নামে জেপি নাড্ডার, সেখান থেকে নবদ্বীপ প্রাচীন মায়াপুরে মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে যান তিনি, সেখান থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে তিনি চটির মাঠের সভাস্থলে আসেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা, সদ্য তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ কল্যাণ চৌবে, নদিয়া জেলা বিজেপি সভাপতি আশুতোষ পাল, সহ সভাপতি গৌতম পাল ও অন্যান্য নেতৃত্ব। এদিন নাড্ডার সভা ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে মোড়া ছিল সভাস্থল, মঞ্চের কাছে বিভিন্ন রাস্তায় ছিলো নো এন্ট্রি। এদিন অসংখ্য মানুষ ও বিজেপি সমর্থক নাড্ডার সভা ঘিরে চরম উন্মাদনায় ভেসে যান, গোটা নবদ্বীপ শহরে ছিল সাজো সাজো রব । সভাশেষে নাড্ডা বিজেপির পরিবর্তন রথের আনুষ্ঠানিক উদ্বোধন করে সূচনা করেন, এবং রথের ওপরে চেপে নবদ্বীপের মালঞ্চপাড়ায় কিছুদূর যান এরপর সেখান থেকে ফিরে হেলিকপ্টার চেপে নাকাশিপাড়ার উদেশ্যে রওনা দেন তিনি ।






