বসিরহাটে করোনা আক্রান্ত ১২০০, ভরসা মাত্র ২৮ শয্যার হাসপাতাল
ডিজিটাল ডেস্ক,হকিকত নিউজ, বসিরহাট : করোনা আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। মহকুমায় করোনায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। সংক্রমিতের সংখ্যা দিন দিন বাড়ছে। কোনও কোনও দিন আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়াচ্ছে। কিন্তু রোগের সঙ্গে লড়ার পরিকাঠামো কি আদৌ আছে বসিরহাট মহকুমায়? একটি কোভিড হাসপাতাল থাকলেও, সেখানে শয্যা-সংখ্যা মাত্র ২৮। ফলে হাসপাতালে বেড না পেয়ে রোগীদের ঠিকানা হচ্ছে হয় বারাসত, না হলে কলকাতা। এর ফলে কলকাতায় রোগীর ভিড় বাড়ছে। অথচ, সেখানেও কোভিড হাসপাতালগুলিতে শয্যার টানাটানি। বেড না পেয়ে রোগীদের হয়রানি বাড়ছে। বসিরহাটের সর্বস্তরের মানুষের দাবি, এলাকায় কোভিড চিকিৎসার পরিকাঠামোর উন্নতি হলে রোগীদের হয়রানি কমবে। বসিরহাট শহরে একটি কোভিড হাসপাতালের দাবিও উঠছে গত কয়েক মাস ধরে।





