বাংলাদেশের দুর্গাপুজোয় হিংসার ঘটনার প্রতিবাদে, আজ কোলকাতা সহ জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করলো বিজেপি
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : দুর্গাপুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি আজ কোলকাতা এবং জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। রবিবার বঙ্গ বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়, “আপনারা সকলেই অবহিত আছেন যে, অষ্টমীর দিন থেকে লাগাতার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নারকীয় অত্যাচার চলছে। গোটা দেশ জুড়ে অসংখ্য মা দুর্গা, মণ্ডপ আক্রান্ত হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। শতাধিক মন্দির, মঠ আক্রমণ করা হয়েছে ও ধ্বংস করা হয়েছে। বহু হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়েছে। আরও অসংখ্য মানুষ আহত ও নিখোঁজ। অসংখ্য হিন্দু মা-বোন ধর্ষিতা হয়েছেন- ছোট শিশুদেরকেও রেহাই দেওয়া হয় নি। ইসকন, রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানও আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে রবি ও সোমবার পার্শ্ববর্তী দেশের বাঙালি হিন্দু ভাই বোনদের উপর নারকীয় অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ পদ্ধতিতে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। কোলকাতা এবং জেলায় প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি বঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর চলমান হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সংবিধিবদ্ধ ঘোষণা : ব্যক্তি /সংগঠন কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর / তাঁহাদের এবং এর সত্যতা আমরা যাচাই করিনি। নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির/ সংগঠনের দেওয়া কোনও বক্তব্যের জন্য দায়বদ্ধ নয়।





