শান্তিপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া দালাল পাড়া লেনে। মৃত যুবকের নাম সুব্রত বিশ্বাস। পরিবার সূত্রে জানা যায়, গুরুদাস বিশ্বাসের একমাত্র ছেলে সুব্রত বিশ্বাসের বয়স ২১ বছর, আইন নিয়ে পড়াশোনা করছিল। লকডাউনের মধ্যে দীর্ঘদিন কাজ না থাকায় গুরুদাস বিশ্বাস আর্থিক সংকটে মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু ছেলেকে পড়াশোনার খরচ নিয়ে কিছু বলতেন না বাবা। ছেলেও বাবার পরিস্থিতি বুঝতে পারত অনেকটাই। হঠাৎই বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘরে শুতে যায় ছেলে এরপর বাড়ির লোকজনেরাও ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকালে দরজা খুলতেই পরিবারের লোকজন দেখে ছেলে সুব্রত বিশ্বাস গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে, এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। স্বাভাবিকভাবেই এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতাল পাঠানো হয়।





