রাস্তা বেহালের অভিযোগ করে শান্তিপুর বেলঘরিয়া ১ গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর চালাল ক্ষুদ্ধ গ্রামবাসীরা
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : রাস্তার অবস্থা বেহাল দীর্ঘদিন, পঞ্চায়েতে অভিযোগ করেও মেলেনি সুরাহা, মিলেছে শুধুই প্রতিশ্রুতি। এই অভিযোগ করে সোমবার নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর চালালো ক্ষুদ্ধ গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ যে বেলঘড়িয়া গ্রামের একটি রাস্তা দীর্ঘ কুড়ি বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। হাল্কা বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়, তখন রাস্তায় যাতায়াত করা দুর্বিসহ হয়ে ওঠে, কোথাও এক হাঁটু গর্ত হয়ে যায়, সেই কারণে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে ওই রাস্তায়। এই রাস্তা ব্যবহার করেই ছাত্রছাত্রীরা স্কুলে যায়। গ্রামবাসীদের অভিযোগ যে একাধিকবার বিডিও অফিস সহ পঞ্চায়েত দপ্তরের জানানো হয়েছে। দীর্ঘদিন পঞ্চায়েত অফিস থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রামবাসীদের আরও অভিযোগ যে বর্তমান যিনি প্রধান রয়েছেন তিনি পঞ্চায়েত অফিসে আসেন না। সেই কারণে গ্রামের সাধারণ মানুষ পঞ্চায়েত অফিসে গিয়ে পরিষেবা না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়। এই সমস্ত অভিযোগ তুলে ক্ষুদ্ধ গ্রামবাসীরা সোমবার পঞ্চায়েত অফিস ভাঙচুর করে। রাস্তার বিষয়ে অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী বসাক। তিনি বলেন “পঞ্চায়েতের যেকোনো কাজের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। মৌখিকভাবে কোন রাস্তার কাজ করা যায় না। সেই কারণেই ওই রাস্তাটি এখনো তৈরি হয়নি”।






