নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই লরি, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার ড্রাইভার ও খালাসি
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল প্লাস্টিক চেয়ার বোঝাই লরি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে গৌরাঙ্গ সেতু রোডে সর্দার পাড়া এলাকায়। ঘটনার তীব্রতায় এলাকার বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানিয়া বাসিন্দারাই উল্টে যাওয়া লরির চালক কে কেবিন থেকে বের করেন। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের টহলদারী ভ্যান। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই, জানায় টহলরত নবদ্বীপ থানার পুলিশ। জানা যায়, এই দিন ভোর তিনটে নাগাদ পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল প্লাস্টিক চেয়ার বোঝাই লরিটি। সেই সময় গৌরাঙ্গ সেতু রোডের উপর সর্দার পাড়ার কাছে একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকে ঝোপ জঙ্গলের মধ্যে ঢুকে উল্টে যায় চেয়ার বোঝাই লরিটি। সেই সময় কেবিনের মধ্যেই অসহায়ভাবে আটকে পড়েন লরির চালক সহ খালাসি। পরে স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে চালক সহ দুজনকে উদ্ধারের পাশাপাশি উল্টে যাওয়া অসংখ্য চেয়ার বোঝাই লরিটিকে রাতভর পাহারায় বসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বাপি সর্দার জানান, “আনুমানিক রাত তিনটে নাগাদ বিকট শব্দে ঘুমে ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ডানদিকে ঝোপের ভিতর একটি প্লাস্টিক চেয়ার বোঝাই লরি উল্টে রয়েছে। লরির ভিতরে আটকে থাকা চালক ও খালাসি বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকেন”। তিনি আরও জানান, সেই সময় অন্যান্যদের সাহায্য নিয়ে ওই দুজন কে উদ্ধার করা সম্ভব হয়। দুপুরে ক্রেন ডেকে উল্টে যাওয়া লরিটি কে উদ্ধার করে পুলিশ।






