“বাঘ এখন বেড়াল হয়ে গিয়েছে , দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ তৃণমূল নেতার
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বেড়াল বলে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোচবিহার ২ নম্বর ব্লকের গোপালপুর এলাকায় বিএসএফের ক্যাম্পে গিয়ে ডিআইজির সাথে বৈঠক করেন। দিনহাটা বিধানসভার উপ নির্বাচনের প্রাক মুহূর্তে ওই বৈঠক নিয়ে কোচবিহারের রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোদ দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ সামাজিক মাধ্যমে বিজেপি বিএসএফের ওই বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তৃনমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বিজেপি বিএসএফ বৈঠক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েনি। পার্থ প্রতিম রায় বলেন, “বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগে বাঘ ছিলেন এখন বেড়াল হয়ে গেছেন। তিনি আগে বলতেন এই করবো, সেই করবো, ৬ ফুটের মানুষ ৩ ফুট করে দেব কিন্তু কোথায় গেল সে সব। এখন সেই সব কথা গুলো আর মুখে আসে না, কিন্তু কাউকে দিয়ে করেছেন কি না তা নিয়ে সন্দিহান রয়েছে তৃণমূল।”যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, দিলীপ ঘোষ গৃহ মন্ত্রকের সংসদীয় কমিটির সদস্য। তাই তিনি যেখানে যান বিএসএফের কর্তাদের সাথে বৈঠক করেন। তাই কোচবিহারে সেই একই বৈঠক করেছেন। মূলত সীমান্ত সমস্যা নিয়ে কথা হয়েছে বলে সুকান্ত বাবু দাবি করেছেন।






