বেআইনি জুয়া ও সাট্টা খেলার অভিযোগে ১১জন জুয়ারীকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : বুধবার নবদ্বীপ থানার পুলিশ শহর থেকে বেআইনি জুয়া ও সাট্টা খেলার অভিযোগে ১১জন জুয়ারীকে গ্রেপ্তার করল। সূত্র মারফত জানা যাচ্ছে যে নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর, পীরতলা, রানীরঘাট, প্রতাপনগর, ফাঁসিতলা, মনিপুর, পোড়ামাতলা সহ বিভিন্ন এলাকায় কিছু অসামাজিক যুবক লটারি বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে এই কারবার চালাচ্ছিল। প্রকৃত লটারি বিক্রির ব্যবসা মার খাচ্ছিল এই সাট্টা বিক্রির ফলে। প্রতিদিনই তিনবার বাজি ধরে খেলা হয়, আর দৈনিক লটারির তিনবারের ফলাফল দেখেই খেলার ফলাফল জানতে পারে জুয়াড়িরা। লটারির প্রথম এবং দ্বিতীয় পুরস্কারের শেষের নাম্বারটি সাট্টার ফলাফল। এগারো টাকায় সাট্টা খেলে জুয়াড়িরা লটারীর শেষ নাম্বার মিললেই এগারো টাকার বিনিময়ে মিলত ছয়শো টাকা। প্রথম পুরস্কারের শেষ নম্বর এবং দ্বিতীয় পুরস্কারের শেষের নম্বর দুটো নাম্বার একত্রে করলে জুয়াড়িদের ভাষায় জুড়ি বলে। যে কোন একজোড়া নাম্বারে টাকা বিনিয়োগ করলে সেই নাম্বার মিলে গেলে জুয়ারির এগারো টাকার বিনিময়ে মিলত ছয়শো টাকা। ধৃতদের বৃহস্পতিবার কৃষ্ণনগর অবকাশকালীন আদালতে তোলা হয়।





