সাংসারিক অশান্তির জেরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে, গ্রেফতার স্বামী ও শশুর
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: সাংসারিক অশান্তির জেরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। পাশাপাশি সেই কাজে মদত জোগানোর গুরুতর অভিযোগ শিক্ষক স্বামী সহ পরিবারের বিরুদ্ধে। ঘটনায় গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে মালঞ্চপাড়া থেকে গৃহবধূর স্বামী স্বরূপ দে এবং শ্বশুর স্বপন দে কে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। বুধবার দুপুরে ধৃত দুজনকে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৪০৬, ৫১১, ৩০৭ ও ৩৭৬ ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠান হলে, আদালতের বিচারক তাদের দুজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গৃহবধূর পরিবার সূত্রে জানতে পারা যায়, গত এক বছর আগে নবদ্বীপ পৌরসভার ১ নং ওয়ার্ডের মালঞ্চপাড়ার বাসিন্দা স্বপন দের ছেলে স্বরূপ দের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়। স্বরূপ দে শহরের একটি উচ্চ বিদ্যালয়ের কারিগরী শিক্ষার চুক্তিভিত্তিক শিক্ষক। গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই অতিরিক্ত পণের জন্য স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা প্রথমে মানসিক ও পরে শারীরিক নির্যাতন চালাতে শুরু করে। প্রতিবাদ করলেই নির্যাতিতা বধূর কপালে জুটত মারধর। নির্যাতিতা গৃহবধূর আরও অভিযোগ, সম্প্রতি শ্বশুর স্বপন দে তার ছেলে স্বরূপ দের মদতে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার করলে স্বামী সহ পরিবারের লোকেরা তাকে বেধড়ক মারধর করে। নির্যাতিতা বধূর অভিযোগ, বিষয়টি নিয়ে নবদ্বীপ থানায় অভিযোগ জানাতে গেলে থানা অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর একপ্রকার নিরুপায় হয়ে গত ২৬ সেপ্টেম্বর এক আইনজীবীর সাহায্যে নবদ্বীপ আদালতে স্বামী স্বরূপ দে, শ্বশুর স্বপন দে, শ্বাশুড়ী কানন দে, ননদ প্রিয়াঙ্কা এবং ননদাই শিবশঙ্করের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে অভিযুক্ত স্বামী স্বরূপ দে ও শ্বশুর স্বপন দে কে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রে জানতে পারা যায়। তাদের খোঁজে তল্লাশি চালান হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।





