দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে শিলিগুড়ি শিক্ষা জেলার ডিআই অফিসে ডেপুটেশন কর্মসূচি হবু শিক্ষকদের
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ , শিলিগুড়ি : দীর্ঘ মামলার জটে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া৷ কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ মামলার ভবিষ্যত ঝুলে রয়েছে। দীর্ঘ ৭ বছর ধরে ক্লান্ত হবু শিক্ষকেরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভাবে আন্দোলন, অনুরোধ করেও কোন সুফল পাননি। হতাশায় দিন কাটছে হবু শিক্ষকদের। এর মধ্যেই অনেক আন্দোলনের সাক্ষী হয়েছেন হবু শিক্ষকেরা। যদিও উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। গত বছর ৪ অক্টোবর উচ্চ প্রাথমিকের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। সেটা ১ বছর পূর্ণ হয়ে গেছে। তারপরেও নিয়োগ নেই। এই অবস্থায় আরও একবার আন্দোলনের পথে চাকরি প্রার্থীরা। কঠিন এই পরিস্থিতিতে ধর্য্যের বাঁধ ভাঙছে হবু শিক্ষকদের। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবিতে আগামী ১৩ অক্টোবর, মঙ্গলবার আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে স্কুল সার্ভিস কমিশনের ডিআই অফিসে ডেপুটেশন, অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রায় ১০০ জন হবু শিক্ষক মুখ মাস্ক পরে এই ডেপুটেশন কর্মসূচিতে অংশ গ্ৰহণ করে। হবু শিক্ষকদের মূল দাবি হল, গেজেট মেনে দ্রুত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা। সাত বছরের দীর্ঘ বঞ্চনা, কেস মিটিয়ে দ্রুত নিয়োগ এবং গেজেট মেনে ১:১.৪ অনুপাতে নিয়োগের দাবি নিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়।